মাল্টিপ্লেক্সের দাপটে অকালমৃত্যু আরো এক সিনেমা হল এর, এলিটের পর এবার ইতিহাসের পাতায় মালঞ্চ সিনেমা হল
Bolly Tolly News, Kolkata, 24th August 2018 : একেবারে চোখ ধাঁধানো শপিং মলের ভিতর এসি মাল্টিপ্লেক্স। একের পর এক শো চলছে। সঙ্গে মিলছে মুখরোচক খাবার, পপকর্ন কোল্ড ড্রিন্কস, চিপ্স ইত্যাদি। ট্যাঁকে টাকা থাকলেই মিলছে এত সুবিধা। হালফিলের কর্পোরেট দুনিয়ার ভিড় এমন মাল্টিপ্লেক্সেই। চাকচিক্যের যুগে ধুঁকছে রাজ্যের সিঙ্গল স্ক্রিনগুলি। কিছুদিন আগেই দীর্ঘ ৭৮ বছরের ঐতিহ্যের অবসান ঘটিয়ে বন্ধ হয়েছে এলিট সিনেমা হল। এবার পালা দক্ষিণ কলকাতার আরেক ঐতিহ্য মালঞ্চের।
জানা গিয়েছে, প্রেক্ষাগৃহে শেষ শো চলেছিল ১৪ আগস্ট। তারপর থেকেই বন্ধ রয়েছে টালিগঞ্জের এই কয়েক দশকের আভিজাত সিনেমা হলটি। এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিজ্ঞপ্তি না পাওয়া গেলেও ইতিমধ্যেই মৌখিকভাবে মালিকপক্ষের তরফ থেকে কর্মচারীদের প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার কথা বলে দেওয়া হয়েছে। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কেন বন্ধ হতে চলেছে এতদিনের ঐতিহ্য ?
এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেক্ষাগৃহের মালিক অমর রায়চৌধুরি জানান, চার-পাঁচ বছর ধরে লোকসানে চলছে হল। মাল্টিপ্লেক্সের ভিড়ে এই হলে তেমন কেউ আসেন না। কয়েকজন মাত্র দর্শক হয়। অথচ এত বড় প্রেক্ষাগৃহের এসি-র বিলই মাসে আসে কয়েক লক্ষ টাকা। তার উপরে প্রতিটি কর্মচারীদের বেতন তো রয়েইছে। এভাবে আর কতদিন চালানো যায়? তাই এই কঠিন পরিস্হিতি তে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। শেষবার এই প্রেক্ষাগৃহে চলেছিল কমল হাসানের ‘বিশ্বরূপম টু’। তারপর থেকেই বন্ধ রয়েছে মালঞ্চ হল। তাই বলা যেতে পারে যে মাল্টিপ্লেক্সের দাপটে আরও এক ‘সিনেমাওয়ালা’র অকালমৃত্যু হল।
ফের ইতিহাসের পাতায় ঠাঁই নিল কলকাতা শহরের আরো এক অভিজাত সিনেমা হল। কিছুদিন আগে প্রিয়া সিনেমা হলে আগুন লাগার পর বন্ধ রয়েছে সেই হলটিও। কবে তা খুলবে কারও জানা নেই। আবার কিছুদিন আগে নিজের টুইটে প্রেক্ষাগৃহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মালিক অরিজিৎ দত্ত। এমন অবস্থায় অশনি সংকেত দেখছেন বাকি সিঙ্গল স্ক্রিনের হল ও তার মালিকেরা।




Comments